বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল ঘটেছে। মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে এনডিসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার শেখ হাসিনার সরকারের পতনের পর সেনাবাহিনী দেশের দায়িত্ব গ্রহণ করে। বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্রনেতাদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সেনাপ্রধানসহ তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত