চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা আজ দুপুরে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ দমাতে কারারক্ষীরা পাল্টা ফাঁকা গুলি ছোড়েন। ঘটনাটি ঘটে নগরের লালদীঘি পারের কারাগারে, যেখানে প্রায় পাঁচ হাজার বন্দী রয়েছে।
দুপুরের দিকে কারাগারের সামনে দেখা যায়, ভেতরে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করছেন, এবং ফটকের সামনে উৎসুক জনতার ভিড় জমেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে দুইটার দিকে বন্দীরা বিক্ষোভ শুরু করলে, কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। এরপরই গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। প্রধান ফটকের পাশে দাঁড়ানো লোকজন ও দোকানদারেরা বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, "কিছু বন্দী উচ্ছৃঙ্খলতার চেষ্টা করেছিল। তাদের শান্ত করার চেষ্টা চলছে।"
উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, উৎসুক জনতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তখন কারারক্ষীরা পাল্টা গুলি ছুড়লে ইমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত