বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে কারণ এই পোশাক পরে পুলিশ আর কাজ করতে চাইছে না।
রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারেরও ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।
বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না।
এদিকে, আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
তারা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলেন সেগুলোর বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান। তাই তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সাথে তারা আশা করেন সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।
বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত