কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে গোটা ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা খেলোয়াড়, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী এবং বুদ্ধিজীবীরা সবাই প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছেন।
১১ আগস্ট, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও আর জি কর–কাণ্ড নিয়ে মন্তব্য করেন। তবে তাঁর বক্তব্য আন্দোলনকারী ও সাধারণ মানুষের মধ্যে ভালোভাবে গৃহীত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সৌরভ তাঁর বক্তব্য পরিবর্তন করতে বাধ্য হন।
বিশ্ব-বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ প্রথমে বলেন, তাঁরও একটি মেয়ে আছে এবং মেয়ের বাবা হিসেবে এই ঘটনায় তিনি ভীষণ হতাশ। তিনি বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক। কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এটা ভয়ংকর ঘটনা, সত্যিই খুব ভয়ংকর। যেকোনো জায়গায় যা কিছু ঘটতে পারে। তাই সব জায়গায় সব সময় নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক রাখতে হবে।’
তবে সৌরভ এরপর বলেন, ‘আমি মনে করি না, বিচ্ছিন্ন একটি ঘটনা দিয়ে সবকিছুর বিচার করা উচিত। এ ধরনের দুর্ঘটনা বিশ্বের সব জায়গায়ই ঘটে। তাই এটা ভাবার সুযোগ নেই যে সবকিছু বা সবাই নিরাপদ নয়। এটা ভাবা ভুল যে মেয়েরা নিরাপদ নয়। শুধু পশ্চিমবঙ্গই নয়, ভারতের সব জায়গায়ই মেয়েরা নিরাপদ।’

সৌরভের এই মন্তব্যের পর শুরু হয় সমালোচনার ঝড়। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সরাসরি তাঁর বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়। আমাদের দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই। এই দুই কাজ—ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত।’
চাপের মুখে সৌরভ অবশেষে নিজের বক্তব্য বদলান। তিনি বলেন, ‘এটা ভয়ংকর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে। তদন্ত চলছে। আমি আশা করি, অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে।’
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত