কলকাতার আর জি করের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা ভারত। নারীদের ওপর ক্রমবর্ধমান শারীরিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এই ধরনের অপরাধ রোধে কঠোর আইন আনার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জী। তিনি ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর মুখ্যউপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী মনে করেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ঘটনাগুলির ক্ষেত্রে অবিলম্বে কঠোর আইন প্রয়োজন। চিঠিতে মমতা উল্লেখ করেছেন যে, পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে বিশেষ আইন প্রয়োজন।
চিঠিটি মোদীকে পাঠানোর পর মমতা ব্যানার্জী এক্স হ্যান্ডেলে চিঠির বিষয়টি শেয়ার করেন। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণবিরোধী আইন নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত