দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যার কারণে মৃতের সংখ্যা একলাফে বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ আগস্ট) পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩১ জন, তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে নতুন এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা এবং ফেনী জেলা। কুমিল্লায় ১৪ জন এবং ফেনীতে ১৭ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, এবং কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।
বন্যায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯ পরিবার পানিবন্দি হয়েছে, এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে পাঁচ লাখ দুই হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশু আশ্রয় পেয়েছে।
ক্ষতিগ্রস্ত ১১ জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫৯৫টি মেডিকেল টিম কাজ করছে। ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে, যা প্রয়োজনীয় সময়ে সরবরাহ করা হবে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত