অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থার দুরাবস্থা খুবই উদ্বেগজনক। এসব নোট দ্রুত পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “দেশের মানুষকে মুদ্রার সঠিক ব্যবহারের প্রতি সচেতন হতে হবে। চলতি মাস অথবা আগামী মাসে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পুনর্বিবেচনার আলোচনা হবে। বাজেট আলোচনা সময় মুদ্রা পরিবর্তনের বিষয়টি উত্থাপন করা হবে।” তিনি উল্লেখ করেন যে, বাজেটে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, “কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। বর্তমানে জিডিপির বাস্তব সংখ্যা জানার কাজ চলছে।”
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর ৮ আগস্ট অন্তবর্তী সরকার শপথ গ্রহণ করে দায়িত্ব নেয়। এর পর ড. সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এর আগে ২০০৫ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত