মনুষ্যবিহীন নভোযানের মাধ্যমে মঙ্গল গ্রহের নমুনা নিয়ে আসতে ২০২৮ সালে অভিযানে যাবে থিয়েনওয়েন-৩ মিশন।
গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ডিপ স্পেস অনুসন্ধান সম্মেলনে এ ঘোষণা দেন মিশনের প্রধান নকশাকার লিউ চিচোং।
মিশনের প্রাথমিক লক্ষ্য হবে মঙ্গলে জীবনের লক্ষণ অনুসন্ধান করা।
এ মিশনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার কথাও তুলে ধরে লিউ জানান, আন্তর্জাতিক গবেষকরা চাইলে পেলোড ডিজাইন, নমুনা সংগ্রহ ও ডেটা বিশ্লেষণের কাজে চীনের সঙ্গে যোগ দিতে পারবেন।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মিশন পরিকল্পনাকারীরা জানিয়েছেন, থিয়েনওয়েন-৩ প্রোবের চারটি উপাদান থাকবে— ল্যান্ডার, অ্যাসেন্ডার, অরবিটার এবং একটি রিএন্ট্রি মডিউল। হাইনানের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে আগামী ৫ মার্চ হেভি-লিফট ক্যারিয়ার রকেটে করে যাত্রা করবে এই মিশন।
সব পরিকল্পনামাফিক চললে, এটাই হবে মঙ্গল থেকে পৃথিবীতে আসা প্রথম নমুনা। মঙ্গলের ভূতত্ত্ব ও অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে আরও জানতে এবং গ্রহটির বায়ুমণ্ডলীয় চক্র বুঝতে ওই নমুনা সাহায্য করবে বিজ্ঞানীদের।
২০২০ সালের জুলাই মাসে চীন প্রথম মঙ্গল গ্রহ অভিযানে থিয়েনওয়েন-১ মিশন পাঠিয়েছিল।
সূত্র: সিএমজি বাংলা
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত