মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আগামী ৪-৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ডিজিটাল হেলথ সামিট, এক্সপো এবং ইনোভেশন অ্যাওয়ার্ডস। ভারতের আয়ুষ মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) এই সামিট আয়োজনের মূল উদ্যোক্তা।
এ বছরের সামিটের থিম হলো "ডিজিটাল হেলথ অ্যাট স্কেল: সাকসেস স্টোরিজ" যেখানে ডিজিটাল স্বাস্থ্য সেবায় সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেওয়া হবে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের দ্বারা আয়োজিত এই দুই দিনের সামিটটি বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি খাতের নেতাদের একত্রে এনে স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ধারণের একটি নিরপেক্ষ, বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সামিটটিতে থাকবে গুরুত্বপূর্ণ বক্তৃতা, প্যানেল আলোচনা, মাস্টার ক্লাস এবং আরও নানা আকর্ষণীয় সেশন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বাস্থ্যসেবা, হাসপাতালের ডিজিটাল রূপান্তর, ডিজিটাল হেলথের প্রাইভেসি ও সিকিউরিটি এবং ক্রনিক রোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও অংশগ্রহণকারীরা বিশ্বব্যাপী প্রসিদ্ধ শিল্পপতি ও নেতাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন এবং আধুনিক ডিজিটাল হেলথ প্রযুক্তি প্রদর্শনী দেখতে পারবেন।
এছাড়া থাকবে বিভিন্ন বিশেষ সেশন যেমন গ্লোবাল নেতাদের সঙ্গে সার্টিফিকেট মাস্টার ক্লাস, জাতীয় নার্সিং সামিট, মানসিক স্বাস্থ্য, মানবাধিকার এবং ডিজিটাল স্বাস্থ্যবিষয়ক জাতীয় বৈজ্ঞানিক সিম্পোজিয়াম, গুগল প্রযুক্তির মাধ্যমে পরবর্তী প্রজন্মের ডিজিটাল হেলথ সমাধান নিয়ে হেলথ পার্লামেন্টের আয়োজিত সেশন, OHDSI ইন্ডিয়া সিম্পোজিয়াম এবং এক স্বাস্থ্য ও ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন।
সামিট চেয়ারম্যান এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ড. রাজেন্দ্র প্রতাপ গুপ্ত বলেন, "ডিজিটাল হেলথ প্রতিটি স্বাস্থ্য সংস্থার জন্য যতটা গুরুত্বপূর্ণ, তেমনি মার্কেটিংও। এই সামিট আমাদের দেখাবে কীভাবে স্বাস্থ্য খাতে টিকে থাকতে হবে। আমরা আশাবাদী যে, এই সামিট ডিজিটাল রূপান্তরের জন্য অর্থবহ আলোচনার সুযোগ সৃষ্টি করবে এবং রোগীদের সেবা ও ফলাফল উন্নত করবে।"
সামিটে উপস্থিত থাকবেন অনেক বিশিষ্ট বক্তা, যার মধ্যে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস, জাতিসংঘের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার বার্নার্ডো মারিয়ানো জুনিয়র, UN জয়েন্ট স্টাফ পেনশন ফান্ডের CIO ডিনো কাতালডো ডেল্লাচিও, ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ড. রাজীব রঘুবংশী, ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির হেলথ টেক নেটওয়ার্ক হোস্ট ড. টোবিয়াস সিলবারজাহন, আমেরিকান টেলিমেডিসিন অ্যাসোসিয়েশনের CEO অ্যান মন্ড জনসন এবং নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ড. দেবী শেঠি।
ইভেন্টের অন্যতম আকর্ষণ হবে এক্সপো; যেখানে বিশ্বজুড়ে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা পণ্য, সেবা এবং সমাধান প্রদর্শন করা হবে, যা স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যত সরাসরি দেখার সুযোগ করে দেবে। সামিট শেষে গ্লোবাল ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ডস বিতরণ করা হবে, যেখানে ডিজিটাল স্বাস্থ্য খাতে অসাধারণ অবদান রাখাদের সম্মাননা জানানো হবে
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত