কত ঘটনারই তো বর্ষপূর্তি পালন করা হয়। যেমন, জন্মদিন, বিবাহবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু তাই বলে বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপন!
অবিশ্বাস্য শোনালেও সেটাই করেছেন চিত্রনায়িকা পরীমণি।
তিনি শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছিলেন গত বছরের ১৭ সেপ্টেম্বর। সেই হিসাবে এ বছরের ১৭ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করলেন তিনি।
ওইদিন দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছেলে, মেয়ে ও পোষ্য কুকুরছানার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই উদ্যাপনের ঘোষণা দেন তিনি। মেয়েটিকে তিনি এ বছর দত্তক নিয়েছেন।
বিচ্ছেদের বর্ষপূর্তিতে পরী লিখেছেন, “আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।”
এরপর সন্তানদের উদ্দেশে তিনি লিখেন, “আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”
এরপর তিনি লিখেছেন, “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!”
তারপরই পরীমণি লিখেছেন, “কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
শুকরিয়া। আমরা ভালো আছি ।
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!”
প্রসঙ্গত, গত ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। তারপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট জন্ম হয় তাদের পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র। রাজ-পরীর আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে গত বছরের ১৮ সেপ্টেম্বর।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত