ইসরায়েলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী‘র প্রধান নেতা সাঈদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। আল জাজিরা’র খবরে বলা হয়, খামেনেয়ীকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত।
এর আগে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরাল্লাহর নিহতের ঘটনায় নিন্দা জানান আয়াতুল্লাহ আলী খামেনেয়ী। ইসরায়েলকে মোকাবিলা করতে মুসলমানদের প্রতি আহ্বানও জানান ইরানের এই সর্বোচ্চ নেতা।
মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো উপায়ে আপনারা লেবাননের জনগণ ও গর্বিত সংগঠন হিজবুল্লাহর পাশে দাঁড়ান এবং ইসরায়েলের দুষ্ট শাসনের মোকাবিলা করতে সহায়তা করুন।
তিনি আরো বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের বাহিনী দ্বারা যেখানে হিজবুল্লাহ অগ্রভাগে থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা’র খবরে এ বিবৃতি তুলে ধরা হয়।
শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল যে হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ’র সদর দপ্তর। হামলার সময় হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ সদর দপ্তরে ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল।
শনিবার সকালে নাসরাল্লাহর নিহতের দাবি করে ইসরায়েল। হিজবুল্লাহও পরে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত