হারিকেন হেলেনের তাণ্ডবের পর ফ্লোরিডা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের শিক্ষা যেন ব্যাহত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। তাই যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত স্কুলগুলো পুনরায় খোলার চেষ্টা করা হচ্ছে, কিছু ক্ষেত্রে অন্যান্য ক্যাম্পাসেও পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের। সিডার কি-এর বাসিন্দারা নিজেদের স্কুল প্রস্তুত করতে এগিয়ে এসেছেন, যেন তাদের সন্তানদের অন্য শহরে পাঠাতে না হয়।
গভর্নর রন ডেসান্টিস এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন,"সব স্কুল পুনরায় চালু হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং তাদের মানসিক প্রশান্তির জন্য রাজ্য এবং অন্যান্য সংস্থাগুলো সর্বাত্মক সহায়তা প্রদান করছে।"
টেলর কাউন্টির সুপারিনটেনডেন্ট আলিসিয়া বেসিয়ার্স জানিয়েছেন, পুনরায় স্কুল খোলায় পরিবারগুলো নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করতে কিছুটা স্বস্তি পাবে। পিনেলাস কাউন্টির কর্মকর্তারাও বলেছেন, শিশুদের এবং তাদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার জন্য স্কুল খুলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকের জন্য এটি মানসিক চাপ থেকে মুক্তির মাধ্যম হিসেবে কাজ করবে।
ফ্লোরিডার শিক্ষা দপ্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য বিকল্প সময়ের সুযোগ করে দিয়েছে এবং স্কুলগুলোকে ক্ষতিপূরণ সময় নির্ধারণের পরামর্শ দিয়েছে, যদিও ক্লাসের জন্য নির্ধারিত ঘণ্টা কমানো হয়নি। স্কুলগুলোর পুনরায় শিডিউলিং এবং মেকআপ ক্লাসের সময়সূচী চূড়ান্ত করা হয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত