ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের অন্যতম কারণ হলো সীমান্তে সন্ত্রাসবাদ। ভারত দীর্ঘদিন ধরে এর জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। প্রায় ৯ বছর পর পাকিস্তান সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবারও এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন। গতকাল তিনি বলেন, সীমান্তে সন্ত্রাসবাদের উপস্থিতিতে বাণিজ্যের প্রসার ঘটবে না।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বর্তমানে চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন। এই সম্মেলন উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিভিন্ন সদস্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সম্মেলনে যোগ দিয়ে জয়শঙ্কর বলেন, "আমাদের অগ্রগতি তখনই হবে, যখন আমরা সনদের প্রতি দৃঢ় অঙ্গীকার পালন করব। শান্তি ও স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।"
জয়শঙ্কর তার বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের কথা বলেন। তিনি উল্লেখ করেন, "যদি আমাদের সীমান্তে সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং বিচ্ছিন্নতাবাদ অব্যাহত থাকে, তবে বাণিজ্যিক সম্পর্ক, দেশের মধ্যে সংযোগ, এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি অসম্ভব হয়ে দাঁড়াবে।"
তিনি আরও বলেন, "যদি আস্থা না থাকে বা সহযোগিতার অভাব দেখা দেয়, অথবা বন্ধুত্বের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তবে অবশ্যই নিজেদের বিশ্লেষণ করতে হবে এবং সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে।"
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এবারের সম্মেলনে সভাপতিত্ব করেন শাহবাজ শরিফ। তিনি ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বও তিনি তুলে ধরেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত