জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আট বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চে বাবরের আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল করা হয়েছে।
২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ বাবরকে দুটি ধারায় ৫ বছর এবং ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বাবর, যার ওপর শুনানি শেষে আজকের রায় ঘোষণা করা হয়। বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।
আইনজীবী শিশির মনির জানান, হাইকোর্টের রায়ের ফলে বাবর সাজা থেকে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে আরও ১৪টি মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। উল্লেখ্য, ২০০৮ সালে দুদক বাবরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে এবং সে বছরই অভিযোগপত্র দাখিল করে।
লুৎফুজ্জামান বাবর ২০০৭ সাল থেকে কারাগারে আছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ১০ ট্রাক অস্ত্র মামলাতেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত