রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে সতর্ক করেছেন যে, যদি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। ট্রাম্প আরও বলেন, এমন যুদ্ধ শুরু হলে লাখো মানুষ মৃত্যুবরণ করতে পারেন।
স্থানীয় সময় বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র অশ্বউবেনন এলাকায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প এই মন্তব্য করেন। উইসকনসিন থেকে সংবাদমাধ্যম এএফপি ওয়াশিংটন পোস্টের বরাতে এ খবরটি জানায়।
ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "কমলা প্রেসিডেন্ট হিসেবে একেবারেই অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন।" তিনি আরও বলেন, "হ্যারিসকে কেউ সম্মান করে না বা বিশ্বাস করে না, এবং অধিকাংশ মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে করছেন না।"
তিনি হুঁশিয়ারি দেন, "কমলাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মানে হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। তিনি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।"
ট্রাম্প নিজেকে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে তুলে ধরে বলেন, "আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো।" তিনি ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অসভ্য দল’ হিসেবেও অভিহিত করেন।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত