বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ২০০ সেনাকে অপহরণ করেছে একদল সশস্ত্র গোষ্ঠী। ধারণা করা হচ্ছে তারা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক। রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশনে পিঠের পেছনে বাঁধা অবস্থায় সারি সারি সেনাদের ছবি দেখানো হয়েছে। এসময় তাদেরকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বেষ্টিত অবস্থায় দেখা যায়।
বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা কোচাবাম্বা শহরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে। এই গোষ্ঠীটি তিনটি সামরিক ইউনিটে আক্রমণ করেছে বলে জানা গেছে। শুক্রবার (১ নভেম্বর) বলিভিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, কোচাবাম্বা শহরের ঘাঁটির নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে এই গোষ্ঠীটি দখলে নিয়েছে।
কোচাবাম্বা শহরটি মধ্য বলিভিয়ায় অবস্থিত, যেখানে মোরালেসের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক বাস করেন। হামলার পর বলিভিয়ার সামরিক বাহিনী ঘোষণা করে যে, সেনা সদস্য এবং তাদের পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হবে। বলিভিয়ার বার্তাসংস্থা এএনএফ জানায়, সশস্ত্র দলটি সরকারের ওপর দেশে চলমান অবরোধে হস্তক্ষেপ না করার দাবি জানিয়েছে।
মোরালেসের সমর্থকরা গত ১৯ দিন ধরে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে, যা তার বিরুদ্ধে থাকা ধর্ষণ ও মানব পাচারের তদন্ত বন্ধের দাবিতে পরিচালিত। মোরালেস এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং সম্প্রতি তিনি তার গাড়িতে গুলিবর্ষণের একটি ভিডিও প্রকাশ করেছেন, যা তাকে হত্যার চেষ্টা বলে অভিহিত করেছেন। তবে বলিভিয়ার সরকার তার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
ইভো মোরালেস ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং ২০১৯ সালের নির্বাচনেও বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে দেশব্যাপী আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। চলতি বছরের শুরুর দিকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান মোরালেসের সমর্থকরা। ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন মাস দলের প্রার্থী হতে চান উভয় নেতা।
সূত্র: বিবিসি
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত