পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। একইসঙ্গে ইমরান এবং প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় দেশদ্রোহের মামলাও করা হবে।
আজ সোমবার (১৫ জুলাই) এ কথা জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তিনি বলেন, পিটিআই পাকিস্তানে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাচ্ছে- এমন অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায় এবং গত বছর সামরিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করে পিটিআই সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার বলেন, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না। ফেডারেল সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করতে মামলা করবে। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভা এবং সুপ্রিম কোর্টে যাবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই নিষিদ্ধ থাকায় স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন দলটির নেতারা।
তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল যে স্বতন্ত্ররা সংরক্ষিত ৭০টি আসনের ভাগ পাবে না। এইসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত।
ফলে পার্লামেন্টের ওই আসনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ আসনই পেয়েছিল পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দলগুলো।
তবে গত শুক্রবার এক আদেশে পিটিআই পার্লামেন্টে ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর ফলে পিটিআই জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার অবস্থা সৃষ্টি হলে সরকারের ওপর চাপ বাড়ে।
এরপরই পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা আসে। এর মাধ্যমে জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হওয়া থেকে দলটিকে ঠেকানোর চেষ্টা চলছে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত