মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন মামলা তদারককারী বিচারক।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন ক্যানন সোমবার (১৫ জুলাই) এক রায়ে গোটা মামলাটিই খারিজ করে বলেছেন, “এই মামলা যিনি করেছিলেন সেই বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না। প্রেসিডেন্ট বিশেষ কাউন্সেল-এর পদে স্মিথের নাম ঘোষণা করেননি কিংবা সিনেটও তার নিয়োগ নিশ্চিত করেনি। ফলে তার নিয়োগ বৈধ নয় এবং তা সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধির লঙ্ঘনও।”
বিচারক ক্যানন এমন একটি ফৌজদারি মামলার রায় এমন সময়ে দিলেন যখন মামলাটি রিপাবলিকান এই সাবেক প্রেসিডেন্টের জন্য নির্বাচনের এই সময়ে সব আইনি হুমকির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসাবেই দেখা হচ্ছিল।
ট্রাম্প একজন প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন এই যুক্তিতে ফেডারেল আদালতে গোপন নথি মামলা খারিজের আবেদন করেছিলেন আইনজীবীরা।
ট্রাম্প চেয়েছিলেন এই মামলায় বিচার ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পরে করা হোক যদিও নির্বাচনের আগে বিচারের সম্ভাবনা ছিল কমই।
এর মধ্যে বিচারক ক্যাননের রায়ে ট্রাম্পের একটি বড় আইনি হুমকি দূর হলেও বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের টিম যে এ রায়ের বিরুদ্ধে আপিল করবে সেটি একরকম নিশ্চিত।
উল্লেখ্য, ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোতে তল্লাশি চালিয়ে গত বছর বহু গুরুত্বপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়। এসব নথির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই এর জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নথিও ছিল।
হোয়াইট হাউজ ছাড়ার পর রাষ্ট্রীয় এসব গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার কারণে গত বছর জুনে অভিযুক্ত হন তিনি। এই নথিগুলো উদ্ধার করতে আসা কর্মকর্তাদেরকে ট্রাম্প মিথ্যা তথ্য দিয়েছিলেন এমন অভিযোগও আছে।
ট্রাম্প এসব অভিযোগে এবং অন্য আরও ৩৭টি অভিযোগে দোষ অস্বীকার করেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত