ভারতের চেন্নাই শহরে ‘অনুমতি ছাড়া’ বাংলাদেশ বিরোধী বিক্ষোভ আয়োজন করায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার (৪ ডিসেম্বর) চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলার প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিক্ষোভে অংশ নেন বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।
এই বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানির সংগঠক রাজু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিলিসাই সাউন্দারারাজন, আরএসএস নেতা কেশব বিনয়গম, বিজেপি নেতা করু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী।
বিক্ষোভকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামায়। এরপর, চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে রাজা রত্নম স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়।
গ্রেপ্তারকৃতদের শহরের আন্না অডিটোরিয়াম এবং পেরিয়ামেট করপোরেশন কমিউনিটি সেন্টারে আটক রাখা হয়।
অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে এজমোর থানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত