তিব্বতের ডিংরি কাউন্টিতে আজ মঙ্গলবার সকালে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মতে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং ৬২ জন আহত হয়েছেন। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে নেপাল সীমান্তের কাছাকাছি উৎপত্তি হয়।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বললেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটি ৭ দশমিক ১ মাত্রার বলে জানিয়েছে। উৎপত্তিস্থল ছিল তিব্বতের প্রত্যন্ত ডিংরি কাউন্টি, যা মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত।
ডিংরি কাউন্টি ও আশপাশের এলাকায় বহু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর ৪ দশমিক ৪ মাত্রার একাধিক পরাঘাতও (আফটার শক) অনুভূত হয়েছে।
প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু ও এভারেস্টের নিকটবর্তী লোবুচের উচ্চ পর্বতমালায়ও কম্পন অনুভূত হয়।
আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে লোক পাঠানো হয়েছে। তিব্বতের এই অঞ্চলে প্রায় ৬২ হাজার মানুষ বসবাস করেন।
তিব্বত অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হয়। তবে গত পাঁচ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত