
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে তথ্য সরবরাহের জন্য পুরস্কারের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৫ মিলিয়ন ডলার করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তৃতীয় মেয়াদের জন্য মাদুরো শপথ নেওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়।
২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার অভিযোগ সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন। গনসালেসের সমর্থকরা দাবি করেছেন, তিনি ভোটে সহজেই বিজয়ী হয়েছেন। কিন্তু ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।
বাইডেন প্রশাসন মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না এবং তার পদত্যাগ দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের মতে, ভেনেজুয়েলার বৈধ নেতৃত্ব গনসালেসের হাতে থাকা উচিত। হোয়াইট হাউস জানিয়েছে, এই পুরস্কার ঘোষণা ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি এবং মাদুরোর উপর চাপ সৃষ্টির জন্য একটি উদ্যোগ।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ শুক্রবার ঘোষণা করেছে, ভেনেজুয়েলার আট কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ জব্দ করা হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মাদুরো বলেন, "যুক্তরাষ্ট্র জানে না কীভাবে আমাদের ওপর প্রতিশোধ নেবে।" তবে নিষেধাজ্ঞা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। মাদুরোর সরকার এই নিষেধাজ্ঞাকে "অবৈধ অর্থনৈতিক যুদ্ধ" হিসেবে উল্লেখ করেছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত