হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।
এজন্য বিমানবন্দরে মাস্ক পরার পাশাপাশি উড়োজাহাজগুলোর বাড়তি সতর্কতা ও ভাইরাসের লক্ষণযুক্ত কাউকে পেলে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
বাংলাদেশে এইচএমপিভি শনাক্তের খবরে স্বাস্থ্য অধিদপ্তরের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও এ বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়।
বিমানবন্দর ব্যবহারকারী লোকজন, এয়ারলাইন্সগুলো ও বিমানবন্দর স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।
বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য দু’টি নির্দেশনা
বিমানবন্দর এলাকায় সকল যাত্রী, কর্মচারী ও দর্শনার্থীদের প্রয়োজনে ফেইসমাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করা।
বিমানবন্দর এলাকায় কারও জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা এইচএমপি ভাইরাস আক্রান্তের কোনো লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগকে অবহিত করা।
উড়োজাহাজ কোম্পানিগুলোর জন্য তিন নির্দেশনা
যে দেশে এ ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিয়েছে, সেখান থেকে আসা উড়োজাহাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা।
এয়ারলাইন্সগুলোর ফ্লাইটে এ ভাইরাস সংক্রমণের লক্ষণ থাকা কোনো যাত্রী পেলেই তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগকে অবহিত করা।
কেবিন ক্রু ও যাত্রীদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা।
বিমানবন্দরের স্বাস্থ্যসেবা বিভাগের জন্য দুই নির্দেশনা
এইচএমপি ভাইরাসের লক্ষণযুক্ত কেউ শনাক্ত হলে পরীক্ষা-নিরীক্ষা করা।
সকলকে তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
বিমানবন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, সরকারের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণ ফ্লুর মতোই। এটি দুই থেকে পাঁচ দিনের মধ্যেই নিরাময়যোগ্য।
এ ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে প্রয়োজনে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের ০১৭৯৯৪৩০০৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এবারের শীতে চীনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এইচএমপিভি ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুরা এ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। ভারতেও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। আর বাংলাদেশে এ ভাইরাসে একজনের আক্রান্তের খবর পাওয়া গেছে গত ১২ জানুয়ারি রবিবার।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত