হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মহাখালী সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেন সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার। তিনি জানান, সানজিদা আক্তারের মৃত্যু শুধুমাত্র এইচএমপি ভাইরাসের কারণে হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও শারীরিক জটিলতায় ভুগছিলেন, যার ফলে তার অবস্থার অবনতি ঘটে।
আইইডিসিআর সূত্র জানায়, গত শনিবার (১১ জানুয়ারি) প্রথম একজনের শরীরে এইচএমপিভি সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি এইচএমপিভি ছাড়াও ক্লেবসিয়েলা নিউমোনিয়া সংক্রমণে ভুগছিলেন।
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সাধারণত ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করে। শীতের মৌসুমে এই ভাইরাস বেশি সক্রিয় থাকে।
চলতি বছরের শুরুতে চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর এটি জাপান, ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনের বিভিন্ন প্রদেশে ভাইরাসটির দ্রুত বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞরা বলেন, শীতকালে এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা দেয়, তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ঠান্ডা-জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত