ওমানের রাজধানী মাস্কাটে একটি শিয়া মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় নিহত ৬ জনের মধ্যে রয়েছে পাকিস্তানি ও ভারতীয় নাগরিকও। আরও আছেন একজন পুলিশ কর্মকর্তা। আর গুলিতে আহত হয়েছে ২৮ জন।
সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের তিন সদস্য এই হামলায় জড়িত।
গত সোমবার রাতে ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলি মসজিদের কাছে এ হামলা চালানো হয়। তিন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ হামলার শিকার ব্যক্তি এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। হামলকারীদের উদ্দেশ্য কী ছিল তাও জানানো হয়নি।
তবে পাকিস্তান জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে তাদের চার নাগরিক আছে। ওদিকে, ভারতও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তাদের নাগরিক।
যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা বিবিসি জানায়, আইএস-এর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানে এই হামলার ঘটনায় উল্লাস করেছে। সুন্নি এই জঙ্গি গোষ্ঠীটি বরাবরই ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলোতে শিয়াদের বিভিন্ন অনুষ্ঠান, মিছিল-মিটিং কিংবা পুণ্যার্থীদের ওপর হামলা করে কিন্তু ওমানে যেখানে শিয়ারা সংখ্যালঘু এর আগে গোষ্ঠীটি কোনো হামলা চালানোর দায় স্বীকার করেনি।
মহররম মাসের নবম দিনে মসজিদের কাছে এই হামলা চালানো হয়। আশুরা উপলক্ষে এ সময় শিয়া মুসলিমরা মসজিদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে জড়ো হয়েছিলেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত