
সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাগর মাতুব্বর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাগর মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একটি তিনতলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাগর। দুই ভাই ও চার বোনের মধ্যে সাগর ছিলেন বড়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের মাতম চলছে।
তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, “সাগর মাতুব্বর মাত্র ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবে যান। কিছুদিনের মধ্যেই তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনের কাজ পান। কিন্তু মর্মান্তিকভাবে ভবনের ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে মারা গেছেন।”
সাগরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত