জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২০ জুলাই যুক্তরাষ্টের ভার্জিনিয়ায় একটি কনসার্টে গান করার কথা ছিল শাফিনের। কিন্তু তার হার্ট অ্যাটাক হলে সেই শোটি বাতিল করা হয়। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় শাফিনকে এবং নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি হৃদরোগে ভুগছিলেন অনেক দিন ধরেই। তার হৃদযন্ত্রে রিং পরানো ছিল। এছাড়া কিডনিতেও সমস্যা ছিলো।
শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় মাইলস ব্যান্ডের সদস্য। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। এছাড়াও বেশকিছু একক এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোটবেলায় বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত এবং মায়ের কাছে নজরুলগীতি শেখার মাধ্যমে সংগীতে হাতেখড়ি হয় তার। এরপর বড়ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।
শাফিনের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিবেন।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত