ফিনল্যান্ডে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল।
আজ ১৩ মার্চ (বৃহস্পতিবার) প্রার্থীদের মাঝে নম্বর (প্রতীক) বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ক্ষমতাসীন দল কোকমুসের পক্ষে একমাত্র বাংলাদেশী প্রাথী হিসেবে নির্বাচন করছেন চট্টগ্রামের মেয়ে তাসলিমা আখতার জামান। তার জন্য বরাদ্দকৃত নম্বর হলো ২২০।
তাসলিমা আখতার জামানের নিবার্চনী ভাবনা কি জানতে চাওয়া হলে তিনি বলেন, “অভিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া অনগ্রসর নারী ও পুরুষদের কথা চিন্তা করে তাদের জন্য কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। সেই সাথে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেও কাজ করবো।”
তিনি আরো বলেন, “শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য বিকাশে, যুবসমাজের কথা চিন্তা করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করবো।”
ছাত্রদের কথা চিন্তা করে নতুন নতুন কাজের ক্ষেত্র প্রস্তুত ও বিশেষ সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বয়োবৃদ্ধদের যথাযথ সেবা প্রদান নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তাছাড়াও, বাংলাদেশীদের ভারতের ভিসা জটিলতার বিষয়টি তুলে ধরে বাংলাদেশীদের জন্য ফিনল্যান্ডের সরকার যাতে বিকল্প কনস্যুলার সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী এলিনা ভালতোন’র প্রতি জোর দাবি জানান তাসলিমা।
তাসলিমা বাংলাদেশী কম্যুনিটি সহ বিভিন্ন দেশের সংগঠনের সাথে তার নির্বাচনী ভাবনা সমূহ নিয়ে মতবিনিময় করছেন।
উল্লেখ্য, তাসলিমা আখতার জামান বাংলা ভাষা ও সংষ্কৃতি বিকাশে কাজ করার পাশাপাশি খেলাধুলার বিকাশে কাজ করে চলেছেন। তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।
এদিকে, নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে হেলসিংকির প্রায় প্রতিটি লাইব্রেরি এবং পোস্ট অফিসে আগাম ভোট দানের ব্যবস্থা করা হয়েছে। আগাম ভোট দানের জন্য নির্ধারণ করা হয়েছে ২ থেকে ৮ এপ্রিল। আর ১৩ এপ্রিল ভোট প্রদানের নির্ধারিত দিন। ফিনল্যান্ডে স্থায়ীভাবে দুই বছর বসবাস করলে এই নির্বাচনে ভোট প্রদান করা যাবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ১৬ এপ্রিল।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত