খ্যাতিমান ভাষাবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক-গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ড. মাহবুবুল হককে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে।
শুক্রবার (২৬ জুলাই) বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মরহুমের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রাখা হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে। বাদ জুমা চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে অধ্যাপক ড. মাহবুবুল হক বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় গত ৭ জুলাই।
মাহবুবুল হক ১৯৪৮ সালের ৩ নভেম্বর ফরিদপুর জেলার মধুখালিতে জন্মগ্রহণ করেন। তবে শৈশব থেকে বেড়ে উঠেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই বিশ্ববিদ্যালয় থেকে।
শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে মাহবুবুল হক বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন রাঙ্গুনিয়া কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন বাংলা বিভাগে।
শিক্ষকতার পাশাপাশি প্রায়োগিক বাংলা ও ফোকলোর চর্চা, গবেষণা, সম্পাদনা, অনুবাদ ও পাঠ্যবই রচনা করে পরিচিতি লাভ করেন ড. মাহবুবুল হক।
তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিশেষজ্ঞ হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কয়েকটি বাংলা পাঠ্য বইয়েরও রচয়িতা তিনি।
আহ্বায়ক হিসেবে নতুন শিক্ষানীতি অনুযায়ী ২০১২ ও ২০১৩ শিক্ষাবর্ষের বাংলা শিক্ষাক্রম ও বাংলা পাঠ্যবই প্রণয়নে দায়িত্ব পালন করেন। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নে সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত