যানবাহন চলাচলের জন্য বাংলাদেশের চট্টগ্রামের কালুরঘাট সেতু উম্মুক্ত করে দেওয়া হতে পারে এ মাসেই। ইতোমধ্যে শেষ হয়েছে সেতুটিতে কার্পেটিংয়ের কাজও। যান চলাচলের জন্য উপযোগী করা হয়েছে সেতুটি। সংস্কার কাজও প্রায় শেষের দিকে বলে জানা গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
সেতুটির সংস্কার কাজ শুরু হয় গত বছরের ১ অগাস্ট। নির্দিষ্ট সময়ে শেষ করার কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। কয়েক দফা সময় বাড়িয়ে অবশেষে এ সেতুর সংস্কার কাজ শেষ করেছে তারা।
এর আগে সেতুতে যুক্ত হওয়া ওয়াকওয়ে গত ঈদুল আযহার সময় পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন অনেকেই ফেরি পারাপারের দুর্ভোগ এড়াতে পায়ে হেঁটে পার হচ্ছেন কালুরঘাট সেতু।
উল্লেখ্য, ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচলের জন্য জরাজীর্ণ কালুরঘাট সেতুটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ প্রকৌশলীদের পরামর্শে ৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজে হাত দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সংস্কার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্র্যাস্ট্রাকচার লিমিটেড।
১৯৩০ সালে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুটি এর আগে ১৯৮৬-১৯৮৭ এবং ২০০৪-২০০৫ সালে দুই দফায় সংস্কার করা হয়।
তখন সেতুর উপরের পাটাতন পরিবর্তন করে নতুন করে রেললাইন বসানো হয়েছিল।
গত ডিসেম্বরে প্রথম ধাপের সংস্কারের পর সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
সম্পাদক: রাশেদুল হাসান (রাশেদুল তুষার)
প্রকাশক: শফিউল আজম বাবু
ব্যবস্থাপনা সম্পাদক: ফয়সাল নূরী
মহাব্যবস্থাপক: জাফর উল্লাহ কচি
স্বত্ব © ২০২৫ | মায়ামি সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত