
চিকিৎসকদের প্রতি পরিবর্তনের মানসিকতা নিয়ে স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘সিভিল সার্জন সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে দেশের সকল জেলার সিভিল সার্জনরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন,
“আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, সেই সীমিত পরিবেশেই যদি আমরা নিজেদের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার অন্তত ২৫ শতাংশ উন্নয়ন হবে।”
তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা একটি নতুন মানসিকতা, একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করছি এবং সেই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতের নতুনভাবে পথচলা শুরু হলো।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, মানবিকতা ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, কাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবাদানকারীদের আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদার করতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সিভিল সার্জনদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও পরিকাঠামো সহায়তার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করব।”























