
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন তাঁর বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশকে উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি অতিথিদের অংশগ্রহণে বৃহৎ পরিসরে স্বাধীনতা দিবসের আরেকটি আনুষ্ঠানিক উদযাপন পরবর্তীতে আয়োজন করা হবে।























