
সিনিয়র সচিব পদ মর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোকাহত পরিবার মানবিক সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে রোববার (১১ মে) সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের নাজিরেরগাঁও এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জোহরের নামাজ শেষে এতিমখানা-সংলগ্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজে উপস্থিত থেকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন তার ছোট ভাই আবু সাঈদ আনসারী।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, “আমাদের পরিবার মানবিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে কিছু দাতব্য প্রতিষ্ঠান বেছে নিয়েছে। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।” তিনি তার বাবার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।























