Google search engine

বিশ্বকাপে যেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের

হেরেও নারী বিশ্বকাপে বাংলাদেশ

বিশ্বকাপে যেতে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ম্যাচটি জিতলেও শেষ দিকের সমীকরণের কারণে সেটা আর সম্ভব হয়ে উঠল না। সাত উইকেটে হেরে গিয়েও পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে উঠেছে বাংলাদেশ।

এ নিয়ে দ্বিতীয়বার নারী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

পাকিস্তানের লাহোরে আজ শনিবার (১৯ এপ্রিল) থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের ১৬৬ রান ১০.৫ ওভারে পেরিয়ে যায় তারা।

বিশ্বকাপে খেলতে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০.১ ওভারে। ১১ ওভারে জিতলেও বিশ্বকাপে যেতে পারতো তারা তবে সেক্ষেত্রে স্কোর সমান করে ছক্কায় জিততে হতো ম্যাচ কিন্তু কোনোটিই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

থাইল্যান্ডের ইনিংসে নাথাকান ছানথামের ৬৬ রানের লড়াকু ইনিংসে তারা সংগ্রহ করে ১৬৬ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য শুধু জয়টা যথেষ্ট ছিল না প্রয়োজন ছিল অসাধারণ জয়ের।

একাদশ ওভারের শেষ দুই বলে জিততে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। পঞ্চম বলে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন টেইলর। তারপরও বিশ্বকাপের টিকেট পায়নি তারা।

একই পয়েন্টে খেলা শেষ করেও রান রেটের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশ, বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ।

৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রান রেট +০.৬২৬। সমান পয়েন্ট হলেও তাদের চেয়ে শ্রেয়তর রান রেটে (+০.৬৩৯) দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। এদিকে, সবক’টি ম্যাচ জিতে শীর্ষে আছে পাকিস্তান।

বাছাইপর্বে টানা তিন জয় পেলেও শেষ দুই ম্যাচের হারে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়ে নিগার সুলতানাদের। ওয়েস্ট ইন্ডিজের আজকের জয়ও চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু নাটকীয় সমীকরণে শেষ হাসি হাসলো বাংলাদেশ।

এবার নারীদের বিশ্বকাপের আসর বসছে ভারতে। এই আসরে বাছাইপর্ব পেরিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest