
বাংলাদেশের চট্টগ্রামে রাস্তার পাশে নালায় ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে সাত মাসের এক শিশু নিখোঁজ হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর চকবাজারে কাপাসগোলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও নানী কালভার্টের পাশের গলি দিয়ে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে গেলে শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়।
শিশুটির মা ও নানীকে উদ্ধার করা হলেও শিশুটিকে পাওয়া যায়নি।
নালায় অটোরিকশা পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ইউনিট ঘটনাস্থলে আসে। পরে ডুবুরি টিম আসে আগ্রাবাদ থেকে। তারা শিশুটি উদ্ধারে কাজ করছে।
নালার বর্জ্য অপসারণে যোগ দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নির্দেশনা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।























