
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন।
ক্যাপিটাল জিওয়িশ মিউজিয়ামে এক অনুষ্ঠানের বাইরে এ ঘটনা ঘনে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ মে) স্থানীয় সময় রাতের এই ঘটনায় জড়িত সন্দেহে এলিয়াস রড্রিগজ নামে ৩০ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, নর্থওয়েস্টের থার্ড অ্যান্ড এফ স্ট্রিট এলাকায় যেখানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় তার খুব কাছেই ওই জাদুঘরটি ছাড়াও রয়েছে এফবিআইয়ের একটি ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নির কার্যালয়।
ক্যাপিটাল জিওয়িশ মিউজিয়ামের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পথে রাত ৯টা ৫ মিনিটের দিকে এ দু’জনকে গুলি করা হয় বলে পুলিশ সূত্রে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
নিহতরা সারাহ লিন মিলগ্রিম ও ইয়ারন লিসিনস্কি বলে জানা গেছে।
ইয়ারন লিসিনস্কি তার বান্ধবী সারাহকে বিয়ের প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তিনি একটি এনগেজমেন্ট রিংও কিনেন এবং পরের সপ্তাহে জেরুজালেমে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়ার কথা ভাবছিলেন। এমন সময়েই তারা দু’জন গুলিতে নিহত হন।
আটক রড্রিগজ ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর বাসিন্দা। তিনি একাই এ ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।























