
যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভিত্তিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলা প্রেস ক্লাব অফ মিশিগান’-এর এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠিকানা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিবিএন২৪ টেলিভিশনের প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।
গত শনিবার (২৪ মে) দুপুরে ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টের হলরুমে ক্লাবের সাধারণ সভা ও কাউন্সিল সভায় কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভি ও জাগো নিউজের প্রতিনিধি আশিক রহমান।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির সেলিম আহমেদ এবং জনকণ্ঠের রফিকুন হাসান চৌধুরী তুহিন। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাভিশনের সাহেল আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুপ্রভাত মিশিগানের সিনিয়র রিপোর্টার মৃদুল কান্তি সরকার। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জালালাবাদ পত্রিকার সোলাইমান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান শাহীন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—দৈনিক খোয়াই সম্পাদক ও সাবেক সভাপতি শামীম আহসান, আরটিভি প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আশিক রহমান, গ্লোবাল টিভির সৈয়দ আসাদুজ্জামান সোহান এবং ফ্রিল্যান্স সাংবাদিক দেওয়ান কাওসার।
সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যদের মধ্যে আছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ছড়াকার ও ফ্রিল্যান্সার মুজিবুর রহমান শাহীন এবং সময়ের আলোর তাসনিয়া তাবাস্সুম আলভী।
১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব কমিউনিটির উন্নয়ন ও প্রবাসী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি এবং মাতৃভাষায় তথ্য ও সংবাদ আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























