
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ সময় গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। আর এ ঘটনায় আহত হয়েছে সেনাসদস্য, সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন।
শনিবার (১০ আগস্ট) বেলা ৩টায় পূর্বঘোষিত কর্মসূচিতে গোপীনাথপুর, জালালাবাদ ও নিজাম কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিপুলসংখ্যক মানুষ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে রাস্তার দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত হয়ে জড়ো হওয়া নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এ সময় তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
বিস্তারিত: গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, সেনাবাহিনীর সদস্যসহ আহত ১০
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে গমন করে।

এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন্ড অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়।
বিস্তারিত: ধারালো অস্ত্র দিয়ে হামলা, গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন























