
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার কারণে গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার পর সারাদেশে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার।
ওইদিন বিভিন্ন রুটে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী এবং মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার বিকাল ৫টায়।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক নাহিদ হাসান খান আজ রবিবার (১১ আগস্ট) রেলভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুই দিন চলার পর ৩ আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।























