
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু হয়েছে। প্রথম দিন রংপুর বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তারেক রহমান এই বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করতে হবে। কিছু দুষ্কৃতকারী বিএনপির নাম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, এবং তাদেরকে কোনোভাবেই দলে সহ্য করা হবে না।























