
সাড়ে ৫ মিলিয়ন ডলার বা ৬৬ কোটি ৫০ লাখ টাকার মুচলেকায় জামিনে মুক্ত হয়েছেন মেসেজিং অ্যাপ টেলিগ্রাম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ।
তবে জামিনে মুক্ত হলেও তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না এবং সপ্তাহে দুইবার তাঁকে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে বলে জানা গেছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এ প্রতিবেদনে।
গতকাল বুধবার (২৮ আগস্ট) ফরাসি কর্তৃপক্ষ পাভেল দুরভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডের অন্তত ৬টি অভিযোগ আনে। তবে সেই অভিযোগ আনার একদিন পর আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাঁর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে ফরাসি আদালত।
প্যারিসের প্রসিকিউটর অফিসের বিবৃতি অনুসারে পাভেল দুরভের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর মধ্যে আছে সংগঠিত গোষ্ঠীকে অবৈধ লেনদেনের সুযোগ দেওয়া, একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় জটিলতা এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করা।
দুরভের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি, মাদক পাচারকারী অপ্রাপ্তবয়স্কদের দ্বারা সংগঠিত গ্যাংয়ের কাছে বৈধ কারণ ছাড়াই একটি প্রোগ্রাম বা ডেটা উন্মুক্ত করে দেওয়ার অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। একজন বিচারক এসব বিষয়ে আরও তদন্ত করবেন।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাভেল দুরভের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করে ফরাসি কর্তৃপক্ষ। তাঁরা গত মার্চে দুরভ ও তাঁর ভাই নিকোলাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে।
বিশ্বের অন্যতম প্রভাবশালী এই প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীকে গ্রেপ্তারের পর অনলাইনে মুক্তবাক এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণের বিষয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।























