
ঢাকার লালবাগ থানার একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় হাজি সেলিমকে, যা আদালতে উপস্থিত সবার নজর কাড়ে।
এর আগে, পুলিশ হাজি সেলিমকে আদালতে হাজির করে এবং আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। তবে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন এবং জামিনের জন্য অনুরোধ জানান। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি।
রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে।























