
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সাত দিনে সৌদি আরবে প্রায় ২৩ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ রবিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২২ হাজার ৯৯৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়েছিল।
আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯; সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ২৩০ ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯৪ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকের সংখ্যাই বেশি।
মন্ত্রণালয়টি আরো জানায়, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৮০; আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ হাজার ১৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৫২০ জন পুরুষ এবং এক হাজার ৬১৬ জন নারী।
গ্রেপ্তার হওয়া এসব প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
যাদের দেশে ফেরত পাঠানো হবে তাদের ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
দুই হাজার ৩৮১ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৯০৭ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।























