Google search engine

ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচন

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর প্রার্থী তাসলিমা জামান

ফিনল্যান্ডের ক্ষমতাসীন কোকোমুস পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের কৃতী সন্তান তাসলিমা আকতার জামান। আগামী বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে তিনি হেলসিংকি শহরের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। ২ ডিসেম্বর কোকোমুস পার্টি তাকে এই পদে মনোনীত করেছে।

তাসলিমা জামান হেলসিংকি শহরের কাউন্সিলে কোকোমুস পার্টি থেকে প্রথম এবং একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ফিনল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল এবং আগাম ভোট প্রদান করা যাবে ২-৮ এপ্রিলের মধ্যে।

নির্বাচনী প্রতিশ্রুতি

তাসলিমা জামান তার নির্বাচনী প্রচারে বলেন, “আমি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সেবায় কাজ করতে চাই। বিশেষভাবে অভিবাসীদের কর্মদক্ষতা বৃদ্ধি, সমাজে একীভূতকরণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানো, যুবসমাজের জন্য ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার জন্য অবকাঠামো নির্মাণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ

তাসলিমা জামান, যিনি ফিনল্যান্ডে প্রকাশিত একমাত্র বাংলা অনলাইন ‘সংবাদ২১ ডটকম’-এর প্রকাশক, তিনি ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।

তিনি বলেন, “আমি বাংলাদেশি প্রবাসীদের ফিনল্যান্ডের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। আগামী ১৩ এপ্রিল নির্বাচিত হলে, এটি হেলসিংকিতে বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের বিষয় হবে।”

ব্যক্তিগত জীবন ও শিক্ষা

চট্টগ্রামে জন্ম নেওয়া তাসলিমা জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৯ সালে পারিবারিক ভিসায় ফিনল্যান্ডে চলে আসেন এবং সেখানে ব্যবসা ও স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জননী।

তাসলিমা জামান সকলের দোয়া প্রার্থনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি হেলসিংকির কাউন্সিলর নির্বাচিত হলে তা হবে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest