
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক থেকে পালিয়ে গেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করছেন।
শনিবার (০৭ ডিসেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যম প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ত্যাগ কিংবা অন্য কোনো দেশে হঠাৎ সফরের ভুয়া খবর ছড়াচ্ছে যা মূলত গুজব।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্কে থেকে তার জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব পালন করছেন।
এদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনী বর্তমানে রাজধানী দামেস্কের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে দামেস্কের বিভিন্ন শহরতলি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। এর মাঝেই কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগের এ খবর ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজধানী দামেস্কের আশেপাশে এবং দক্ষিণে সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
সেনাবাহিনী বলেছে, তারা দামেস্কের চারপাশে এবং দক্ষিণে প্রতিরক্ষা লাইনকে শক্তিশালী করছে কারণ বিদ্রোহী যোদ্ধারা কাছাকাছি আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, আমাদের সশস্ত্র ইউনিটগুলি দামেস্কের গ্রামাঞ্চল এবং দক্ষিণাঞ্চলজুড়ে তাদের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী দক্ষিণে হামা এবং মধ্য সিরিয়ার হোমসের গ্রামাঞ্চলে এবং উত্তর দারা’র গ্রামাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।























