
ফ্রান্সের প্যারিসে পবিত্র শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রাতভর ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল নামাজ আদায়ের মাধ্যমে প্রবাসী মুসলমানরা সৌভাগ্যের এই রাত উদযাপন করেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওভারভিলা বাংলাদেশি জামে মসজিদে বাদ এশা লাইলাতুল বরাতের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও হাফিজ জাহাঙ্গীর হোসেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কারি মির্জা শফিকুল ইসলাম।
বয়ানে বক্তারা বলেন, “শব অর্থ রাত এবং বরাত অর্থ ভাগ্য, তাই শবে বরাত অর্থ ‘ভাগ্য রজনী’। এ রাতে বান্দার হায়াত-মউত, রিজিক ও ভাগ্য নির্ধারণ করা হয়। এই কারণে শবে বরাতের গুরুত্ব মুসলিম সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মসজিদের সম্প্রসারণ উদ্যোগ
দোয়ার আগে মসজিদের খাদেম চৌধুরী সালেহ আহমদ মুসল্লিদের উদ্দেশে জানান, মসজিদের আয়তন বাড়ানোর লক্ষ্যে পাশের ভবন ক্রয়ের জন্য ১০ লাখ ইউরোর একটি চুক্তি করা হয়েছে। বর্তমানে ৪ লাখ ইউরো জমা হয়েছে, আরও ৬ লাখ ইউরো প্রয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে এই মহৎ কাজে সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা চাইলে মসজিদের অ্যাকাউন্টে অনুদান দিতে পারেন।”
পবিত্র শবে বরাত উপলক্ষে প্যারিসের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
সূত্র: ঢাকা পোস্ট























