
বাংলা নববর্ষ উপলক্ষ্যে জার্মানির হামবুর্গ শহরে বইমেলার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা।
স্থানীয় প্রবাসী সংগঠন ‘বাংলার পার্বণ’-এর উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি ও সাহিত্য-সংস্কৃতিমনা জার্মান নাগরিকরা।
১৪ এপ্রিল সোমবার দিনব্যাপী এই মেলা শতাধিক প্রবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে।
পহেলা বৈশাখ উদযাপনের পাশাপাশি বইমেলাটি ছিল আরেকটি আকর্ষণ। মেলায় বাংলাদেশ ও প্রবাসী লেখকদের বই, ছোটদের রঙিন গল্পগ্রন্থ এবং নানা বিষয়ের ওপর প্রকাশিত সাহিত্যকর্ম রাখা হয়।
বিভিন্ন প্রকাশনা সংস্থার অংশগ্রহণে মেলায় শিশুদের জন্য ছিল আলাদা কর্নার, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা।
বাংলা নববর্ষ ১৪৩২কে স্বাগত জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান ও কবিতা আবৃত্তি।
মেলায় ছিল ফুচকা, ঝালমুড়ি, চটপটি, রসমালাই, জিলাপিসহ নানা ধরনের বাঙালি খাবারের স্টল।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা মৃদুল রায় বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ ও লালন করার চেষ্টা করছেন বলে জানান।























