
মার্কিন সুপ্রিমকোর্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার করেছে। সোমবার (৫ আগস্ট) সুপ্রিমকোর্ট মিসৌরি রাজ্যের করা একটি আবেদন প্রত্যাখ্যান করে, যেখানে ট্রাম্পের সাজা স্থগিতের অনুরোধ জানানো হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শারীরিক সম্পর্কের বিষয়টি চুপ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।
এই অভিযোগের কারণে নিউইয়র্ক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়, যার সবগুলোতেই তিনি দোষী সাব্যস্ত হন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি ৩ জুলাই ট্রাম্পের সাজা স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেন। অন্যান্য রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলরাও মামলার সমর্থনে ব্রিফ জমা দিয়েছেন।
নিউইয়র্ক আদালতের বিচারক জুয়ান মার্চান আগামী ১৮ সেপ্টেম্বর ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।























