
ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় সাধারণ ব্যাংকারদের রোষানলে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। এখন কর্মকর্তারা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ সময় কার্যালয় থেকে পালিয়ে যান চারজন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা। এরমধ্যে কর্মকর্তাদের ক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। তিনি নির্বাহী পরিচালক ১-এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেছেন।
এই পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তাদের দাবি, ব্যাংক খাতের নৈতিকতা ফিরিয়ে আনতে ও অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের এমন পরিস্থিতিতে পড়া এটাই প্রথম নয়। ব্যাংক খাতে লুটপাট ও অনিয়মের অভিযোগে তারা বহুবার সমালোচনার শিকার হয়েছেন।























