
বর্ণাড্য ক্রিকেট ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কখনও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনও খারাপ ফর্ম, মিডিয়ায় বিতর্কিত কথাবার্তা বা ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন। তবে এবারের ঘটনা ব্যতিক্রম।
কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন সাকিব ছিলেন নীরব। বিদেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছিলেন এবং কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন। আন্দোলনের সমর্থনকারীরা তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সাকিব পাল্টা প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এরই মাঝে গত ৫ আগস্ট (সোমবার) ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদ খোয়ালেন এবং কানাডায় খেলতে গিয়ে চরম লাঞ্ছিত হয়েছেন। এখন প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে।
আওয়ামী লীগের পতনের পর নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। গুঞ্জন আছে, তিনি হয়তো দেশে ফিরবেন না, কারণ তিনি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
কিছুদিন পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাকিব আগ্রহ প্রকাশ করেছিলেন এই সিরিজে খেলার। তবে এখন সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেশ ছাড়ার আগে সাকিব বলেন, ‘নিজের জন্য কোনো প্ল্যান নেই। দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। এমএলসি (যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট) এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি। এই দুটি টুর্নামেন্ট খেলে নিজের অবস্থা বুঝব। এরপর দেশের জন্য পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে। আপাতত এটুকুই প্ল্যান।’

গতকাল বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ১২ আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ আগস্ট দেশে আসার কথা। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’
নাফীস আরও বলেন, ‘রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে। আমাদের সিলেকশন প্যানেল এখনো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেনি। দল ঘোষণা হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
সাকিবের গুরু এবং ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘তার (সাকিবের) সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর। কিন্তু কেন হয়নি সেটা ও-ই ভালো জানে। তার ফ্যানরা আশা করেছিল কিছু না কিছু তার থেকে আসবে। যেহেতু আসেনি, তাদের প্রতিক্রিয়া স্বাভাবিক। আমার সাথে কোনো কথা হয়নি। তার ক্যারিয়ার এখানেই শেষ কিনা আমি বলতে পারব না।’























