
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, “আমার ওপরে বিশ্বাস রাখুন, দেশে কারও ওপর কোনো হামলা হবে না।”
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে প্যারিস থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. ইউনূস। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ একটি নতুন বিজয় দিবসের সূচনা করল। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা এই পরিবর্তন এনেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তরুণদের সাহসী পদক্ষেপ দেশকে পুনরুজ্জীবিত করেছে।”
রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে স্মরণ করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আজকে আমার মনে পড়ছে সেই সাহসী যুবক আবু সাঈদের কথা, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে নতুন পথ দেখিয়েছেন। তার আত্মত্যাগ দেশকে দ্বিতীয় স্বাধীনতার পথে নিয়ে গেছে।”
ড. ইউনূস আরও বলেন, “এই নতুন স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। এই স্বাধীনতা মানে সমাজের পরিবর্তন, ব্যক্তি থেকে সমাজের রূপান্তর। এটি সবাইকে বুঝতে হবে এবং কার্যকর করতে হবে।”
ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, আন্দোলনের সমন্বয়কারী এবং সুশীল সমাজের কিছু প্রতিনিধি। আজ রাত ৮টায় বঙ্গভবনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।























